প্রাচীন যুগ
তথ্যের ঘাটতির কারণে বাংলার মুসলিম শাসন পূর্ববর্তী ইতিহাস উদ্ধার করা বেশ দুরূহ, আর গুপ্তযুগের (৪র্থ শতাব্দী) আগের ইতিহাস জানা প্রায় অসম্ভব। চতুর্থ শতকের আগের কথা জানার জন্য নির্ভর করতে হয় বেদ, পুরাণ, ও মহাকাব্যিক সাহিত্য, এবং সামান্য কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর। কিন্তু চতুর্থ শতকে গুপ্ত রাজবংশের শাসন শুরু হওয়ার পর থেকে লিখিত দলিল পাওয়া যেতে শুরু করে, যার মধ্যে আছে শিলালিপি এবং সাহিত্যিক রচনা। বর্তমানে আমরা যে অঞ্চলকে বাংলা নামে চিনি বৈদিক সাহিত্যের কথা অনুসারে সেখানে প্রাচীনকালে নানা অনার্য জনগোষ্ঠীর বাস ছিল, এবং অধিকাংশ অঞ্চলকে সেখানে বসবাসকারী জনগোষ্ঠীর নামেই ডাকা হতো, যেমন: গৌড়, পুণ্ড্র, বঙ্গ, এবং রাঢ়। কিন্তু এর ব্যতিক্রমও ছিল; বর্তমান বাংলাদেশের দক্ষিণাংশে, মেঘনার পূর্ব পাশে অবস্থিত জনপদটির নাম ছিল সমতট, যা কোনো নৃগোষ্ঠীর নাম নয় বরং পুরোপুরিই বর্ণনামূলক। তেমনি চট্টগ্রাম ও তার আশপাশের অঞ্চল নিয়ে গঠিত জনপদটির নাম ছিল হরিকেল। এই ছয়টি জনপদের নামই শেষ দিককার বৈদিক সাহিত্যে উল্লেখিত আছে। ভারতে আর্যরা আসন গেড়েছিল খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের মধ্যভাগে, অর্থাৎ আজ থেকে...